বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার
বিজ্ঞাপন

ঢাকা টেস্টে নেই মুশফিক, কবে ফিরবেন জানালেন ফিজিও

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
ঢাকা টেস্টে নেই মুশফিক, কবে ফিরবেন জানালেন ফিজিও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে তার চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। আগামী তিন দিনের মধ্যে মুশফিক সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের সময় চোট পান মুশফিক। নেটে ব্যাটিং করার সময় একটি বাউন্সার তার ডান হাতের তর্জনিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে ব্যথায় বসে পড়েন তিনি। পরে ফিজিওর তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা নেন। আঙুলে টেপ পেঁচিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। এরপর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি অভিজ্ঞ এই ক্রিকেটার।

চোট পাওয়ার পর থেকেই মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার রাত পর্যন্ত তার অবস্থার উন্নতির অপেক্ষায় ছিল তারা। কিন্তু বুধবার সকালেও আঙুলের ব্যথা পুরোপুরি না কমায় শেষ পর্যন্ত তাকে ছাড়াই একাদশ সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে বুধবার (২৮ অক্টোবর) বিসিবির দেওয়া ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে আঘাত পান মুশফিক। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে ম্যাচের দিন সকাল পর্যন্ত তার অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি।

চোটের ধরন ব্যাখ্যা করে বায়েজিদুল বলেন, ‘এটা একটা কনটিউশন ইনজুরি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ সে খেলতে পারবে।’

মূলত আঘাতের কারণে নরম টিস্যুতে সৃষ্ট চোটকে কনটিউশন বলা হয়। মুশফিকের এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো ক্ষতি ধরা পড়েনি। ফলে আপাতত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার আশঙ্কা কম। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে সুস্থ হয়ে ওঠার জন্য বেশ কয়েক দিন সময় পাবেন মুশফিক। তবে সেই ম্যাচে তার অংশগ্রহণ নির্ভর করবে আঙুলের ব্যথা কমা এবং ব্যাটিংয়ের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাওয়ার ওপর।

মুশফিকের অনুপস্থিতিতে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই মিডল অর্ডার ব্যাটারের। এবার অভিজ্ঞ মুশফিকের জায়গায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলার সুযোগ পেলেন তিনি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...