বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইয়েমেনে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
ইয়েমেনে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানিয়েছেন।

হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এই হামলার দায় নিয়ে পরস্পরকে দোষারোপ করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী ও হুতি বিদ্রোহীরা। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তাইজ প্রদেশের বেশির ভাগ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে। প্রাদেশিক রাজধানী তাইজ শহরটি ঘিরে রেখেছে বিদ্রোহীরা। শহরটিতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার ও তাদের বাহিনীর অবস্থান রয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হামলাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সেখানে টিনজাত খাবারের একটি ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপ দেখা গেছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সকাল ৭টার দিকে তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার আল-হাদারা বাজারে তিনটি বিমান হামলা চালানো হয়।

তিনি এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে দাবি করেন, সৌদি যুদ্ধবিমান খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং সকাল ৮টার দিকে তাইজ প্রদেশ ত্যাগ করে। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত তাইজের প্রাদেশিক কর্তৃপক্ষ হুতিদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি। তবে ব্যস্ত বাজারটিতে হামলার ঘটনা এবং হতাহতের বিষয়টি তারা স্বীকার করেছে।

এক বিবৃতিতে প্রাদেশিক মিডিয়া অফিস জানায়, হুতিদের নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলা, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। বাজার ও জনবসতিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানায় তারা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...