বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ছাত্রী হলে আগুন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না প্রভোস্ট

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
ছাত্রী হলে আগুন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না প্রভোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলে গ্যাসের চুলা থেকে আগুন লেগে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করলে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা একপর্যায়ে বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। তার ভাষ্য, রান্না করার সময় হঠাৎ গ্যাসের চুলা থেকে আগুন বড় আকার ধারণ করে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার সময় তার ডান হাতে আঘাত লাগে। পরে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১০ মিনিট ধরে আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত গ্যাসের চুলা। ছবি : এশিয়া পোস্ট
আগুনে ক্ষতিগ্রস্ত গ্যাসের চুলা। ছবি : এশিয়া পোস্ট

ঘটনার পর চুলা মেরামত করতে আসা এক মিস্ত্রি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি গ্যাসের মূল চাবিতে লিকেজ দেখতে পান। চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস লিক হচ্ছিল বলে তার ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা জানান, ঘটনার সময় তিনি ক্যাম্পাসে ছিলেন না। হাউস টিউটরদের কাছ থেকে বিষয়টি জেনেছেন। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তার পক্ষে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় জানিয়ে ক্যাম্পাসে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তবে কথোপকথনের একপর্যায়ে কল রেকর্ডিং নিয়ে আপত্তি জানান তিনি। সাংবাদিকের অনুমতি ছাড়া কল রেকর্ড করাকে সাংবাদিকতার নীতিবিরোধী বলে মন্তব্য করেন এবং তার বক্তব্য প্রকাশ না করার কথা বলেন। পরে তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’

পরবর্তী সময়ে আরেক সাংবাদিক রইসুল আরাফাত ফোন করলে শুরুতেই কল রেকর্ডের বিষয়ে জানিয়ে তার অনুমতি চান। এ সময় উম্মে ফারহানা আবারও বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’ তিনি জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। সরাসরি পরিস্থিতি না দেখে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার সুযোগ নেই। তবে পরবর্তী কথোপকথনে হলের গ্যাসলাইন স্থাপন ও চুলার যন্ত্রাংশ নিয়ে কথা বলেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...