ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করায় ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সরকারি সম্পদে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) ইরানের বিচার বিভাগের মিডিয়া আউটলেট মিজান অনলাইনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিওবন্দ, হামিদ কাজেমি ও রেজা জাংগানেহ।
ইরানের বিচার বিভাগের দাবি, গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় ওই তিন ব্যক্তি কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্র ও সরকারি ভবনে হামলা চালান। এ সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও মোলোটভ ককটেল ব্যবহার করে অগ্নিসংযোগ করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড দিচ্ছে ইরান। সর্বশেষ এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেও বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

