ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষের পথে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কার্যত শেষ হয়ে এসেছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি অপরিবর্তিত রেখে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আমরা এমনটা করছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করতে সম্প্রতি ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ কার্যক্রমও বহাল থাকবে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ আঞ্চলিক মিত্র দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধের ধারাবাহিকতা।
প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত।’
ট্রাম্প আরও বলেন, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের হুমকি থেকে সুরক্ষিত রাখা হয়েছে এবং সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে। তাঁর ধারণা, খুব শিগগিরই যুদ্ধ শেষ হতে পারে।
তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।
তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের তাস গুটিয়ে নিন। কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন এক পরিস্থিতির অবসান চেয়েছেন, যেটিকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘আমরা শক্তি প্রয়োগ ও দাদাগিরির কাছে আত্মসমর্পণ করব না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়।

