ঝিনাইদহে সাংবাদিক আনোয়ার হোসেন স্মরণে আবেগঘন শোকসভা
মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক চেতনার সাংবাদিক সংগঠন ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেনের স্মরণে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের হলরুমে এই স্মরণসভার আয়োজন করে ঝিনাইদহ প্রেস ইউনিটি। সংগঠনের সভাপতি শাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে শোকসভায় জেলার প্রতিটি উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা প্রয়াত আনোয়ার হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি কেবল একজন কলমযোদ্ধা ছিলেন না; ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল এক সংস্কৃতজন ও গণমাধ্যমকর্মীদের নির্ভরতার জায়গা। তাঁর অকাল প্রয়াণে ঝিনাইদহের সংবাদমাধ্যমে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় অনেক সহকর্মীই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর নীতি ও আদর্শকে ধারণ করে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। শোকসভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির ইতি টানা হয়।

