বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোরদের বেপরোয়া বাইক চালানো বন্ধে কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোরদের বেপরোয়া বাইক চালানো বন্ধে কড়া নির্দেশ

চুয়াডাঙ্গা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় জেলার শিক্ষা ব্যবস্থা, বাল্যবিবাহ ও খাদ্যে ভেজাল প্রতিরোধ, অবৈধ পলিথিন বর্জন, পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা, সরকারি জমি দখলমুক্ত করা এবং সড়ক পরিবহন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পায়।

অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নির্দেশনা

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার মহাসড়কগুলোর দুই ধারের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি বলেন, মহাসড়কের পাশের এসব ঝোপঝাড়ে অপরাধীরা ওত পেতে থাকে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা অনেকটাই কমে আসবে। বিষয়টি নিয়মিত তদারকি করার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দায়িত্ব দেন।

শীতকালে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গরু চুরির প্রবণতা বাড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে গ্রামে গ্রামে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে কিশোরদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেটবিহীন যাতায়াত ও একসঙ্গে তিনজনের আরোহন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। মাগরিবের পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে বাইরে আড্ডা না দিয়ে বাড়ি ফেরে, সেজন্য অভিভাবক, শিক্ষক ও পুলিশকে নিজ নিজ অবস্থান থেকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

ট্রাফিক অভিযান ও কিশোর অপরাধ নিয়ে পুলিশ সুপারের বক্তব্য

সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা কিংবা কিশোর অপরাধ দমন কেবল এককভাবে পুলিশের কাজ নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। গত মাসের ১৫ তারিখ থেকে গতকাল পর্যন্ত ট্রাফিক আইনে আদায় করা প্রায় ১৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। নিয়মিত অভিযানের কারণে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল ব্যবহারের ব্যাপারে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং সড়ক দুর্ঘটনাও কমে আসছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সভায় মাদক ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের তাগিদ দেওয়া হয়। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ কারবার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়।

অক্টোবর মাসের অপরাধ ও অভিযানের চিত্র

সভায় বিগত অক্টোবর মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হয়। ওই মাসে জেলায় মোট ৯৯টি অপরাধমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি ডাকাতি বা দস্যুতা, ৪টি হত্যাকাণ্ড, ২৪টি অপমৃত্যু, ৭টি নারী ও শিশু নির্যাতন, ৪টি চুরি, ১টি অস্ত্র আইনের মামলা, ১টি মানব পাচার এবং অন্যান্য ধারায় ৫৭টি অপরাধ।

অভিযানের চিত্রে দেখা যায়, অক্টোবর মাসে ১টি বাল্যবিবাহ ঠেকিয়ে সংশ্লিষ্টদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ২৮টি মোবাইল কোর্টে ৩৭টি মামলায় জরিমানা আদায় করা হয় ১ লাখ ৬২ হাজার টাকা। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৮টি অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে।

সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৫টি মোবাইল কোর্টে ১৯৩টি মামলায় ৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের ১১টি অভিযানে ৫০টি মামলায় ৪৩ হাজার ১০০ টাকা এবং জেলা পুলিশের ৩৪৩টি মামলায় ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদক নির্মূলে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬টি মামলায় ৩৬ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ।

এ ছাড়া সভায় জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...