চুয়াডাঙ্গার বেগমপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট-বেকারিপণ্য তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং পণ্যে ক্ষতিকর শিল্প লবণ মেশানোর অপরাধে মো. ওয়াজেদ আলী স্বপনের প্রতিষ্ঠান ‘মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় পচা ও বাসি খাবার সংরক্ষণ করে তা দিয়ে পুনরায় খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় মো. জসিম উদ্দীনের ‘জসিম হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্যবিহীন সামগ্রী বিক্রির অভিযোগে মো. মফিউল ইসলামের ‘মেসার্স জিহাদ স্টোর’কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে বেগমপুর বাজারের বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় দোকান, শিশুখাদ্য ও ফলের দোকানও ঘুরে দেখেন কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের দোকানের সামনে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখা, যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য ও ওষুধ বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তদারকি কার্যক্রমে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

