হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি: তদন্তে জালিয়াতি ও অর্থ তছরুপের সত্যতা
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, জমি সংক্রান্ত জালিয়াতি ও নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জেলা প্রশাসনের নির্দেশে গঠিত তিন সদস্যের এই কমিটি সরেজমিন অনুসন্ধান চালিয়ে অনিয়মের নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে।
বিদ্যালয়টির বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে সম্প্রতি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে গত ৪ নভেম্বর তিনি হঠাৎ বিদ্যালয়টি পরিদর্শনে যান। সেখানে অনিয়মের আভাস পেয়ে অধিকতর তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গত ৯ নভেম্বর তদন্ত কমিটি বিদ্যালয়টিতে সরেজমিন উপস্থিত হয়ে নথিপত্র যাচাই এবং শিক্ষক-কর্মচারীদের লিখিত বক্তব্য গ্রহণ করে।
পরিবারের সদস্যদের নিয়োগ ও জমি লিখে নেওয়ার অভিযোগ
তদন্ত সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বিধিবহির্ভূতভাবে নিজের পরিবারের তিন সদস্যকে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, সমাজবিজ্ঞান শিক্ষক ও নৈশপ্রহরী পদে নিয়োগ দেখিয়েছেন। বাস্তবে তারা নিয়মিত কর্মরত না থাকলেও পদগুলো শূন্য দেখানো হয়নি। এর ফলে এনটিআরসিএর মাধ্যমে যোগ্য শিক্ষকরা এসব পদে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ছাড়া বিদ্যালয়ের নিজস্ব তহবিলের টাকায় কেনা জমির বড় একটি অংশ প্রধান শিক্ষক কৌশলে তার প্রথম স্ত্রীর নামে দলিল করে নিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন বিষয়টি শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির অজানা থাকলেও সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের সময় জমি আত্মসাতের ঘটনাটি প্রকাশ্যে আসে।
হাজিরা খাতায় জালিয়াতি ও অনুপস্থিত কর্মচারীকে সুবিধা
বিদ্যালয়ের আয়া স্বপ্না খাতুনের সঙ্গে বিশেষ সুবিধার বিনিময়ে তাকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চলতি বছরের ২৬ জুলাই জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে হাজিরা খাতায় আয়া স্বপ্না খাতুনের ৯ মাসের অনুপস্থিতি চিহ্নিত করেন এবং সেখানে নিজস্ব স্বাক্ষর দিয়ে যান।
তবে গত ১১ নভেম্বর তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে ফের পরিদর্শনে গিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা দেখতে পান, তার দেওয়া রেসট্রিকশন স্বাক্ষর উপেক্ষা করে বিধি ভেঙে আয়ার চারটি মাসের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মচারী তদন্ত কমিটির কাছে নিজেদের দোষ স্বীকার করেছেন।
শিক্ষার্থী সংকটের মধ্যেও অতিরিক্ত শাখা ও নিয়োগ বাণিজ্য
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা দুই শতাধিক না হলেও বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা হয়েছে। এসব শাখায় শিক্ষক হিসেবে মাসুদা পারভীন রেশমা, নাজমুননাহার ময়না ও মোমিনুজ্জামান নান্নুকে নিয়োগ দিয়ে বড় অঙ্কের নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির এক সদস্য জানান, এমপিওভুক্ত ছাড়া প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি থাকার সুযোগ নেই এবং শাখা অনুমোদনের জন্য শ্রেণিকক্ষে অন্তত ৫৫ জন শিক্ষার্থী থাকার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি।
বিদ্যালয়টিতে পাঠদানের চেয়ে অভ্যন্তরীণ কোন্দল ও একে অপরের বিরুদ্ধে অপপ্রচারের প্রবণতা বেশি বলেও জানা গেছে। এমনকি দাপ্তরিক দায়িত্ব ফেলে এক অফিস সহকারী ব্যক্তিগত পশু চিকিৎসার কাজে সময় দেন। এক ছাত্রীকে অন্য এক ছাত্রের সঙ্গে পালিয়ে যেতে সমাজবিজ্ঞান বিষয়ের এক শিক্ষিকা সহায়তা করেছেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রধান শিক্ষকের বক্তব্য
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান চুয়াডাঙ্গা ডট নেটকে বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। বিদ্যালয় অনুমোদনের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার পর তিনি বাকি জমি প্রথম স্ত্রীর নামে দিয়েছেন বলে দাবি করেন। পরিবারের সদস্যদের নিয়োগের অভিযোগ অস্বীকার করলেও তার এক ভাই নৈশপ্রহরী পদে কর্মরত থাকার কথা স্বীকার করেন তিনি।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ও সেশন ফির টাকা ব্যবহারের বিষয়ে কোনো ভাউচার নেই স্বীকার করে প্রধান শিক্ষক জানান, এ সংক্রান্ত সব হিসাব অফিস সহকারী সাখাওয়াত হোসেনের কাছে রয়েছে। আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্কের গুঞ্জনকে তিনি ভিত্তিহীন দাবি করে বলেন, একটি পক্ষ তার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
কর্তৃপক্ষের পদক্ষেপ
তদন্তের বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বিদ্যালয়টিতে আয়-ব্যয়ের হিসাবের গরমিল, সরকারি অর্থ তছরুপ, বাইরে থেকে প্রশ্নপত্র কেনা এবং কয়েকজন শিক্ষক-কর্মচারীর নৈতিক পদস্খলনের প্রমাণ মিলেছে। বিস্তারিত তদন্ত প্রতিবেদন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি আশাবুল হক বিশ্বাস বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুতই কমিটির সভা ডাকা হবে। অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

