হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার সদস্যের নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।
বোর্ডের প্রবিধানমালা অনুসরণ করে আগামী ৬ মাসের জন্য এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত ১৫ নভেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
অনুমোদিত এই অ্যাডহক কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. হিরা খাতুন এবং অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আশরাফুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুজ্জামান।
কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান হাটবোয়ালিয়া হাসপাতালপাড়ার মরহুম আব্দুল বারেকের ছোট ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও নোটারি পাবলিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব লিগ্যাল পদে কর্মরত আছেন।
তার এই দায়িত্বপ্রাপ্তির খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, আইন পেশায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও কার্যকর নেতৃত্বে নারী শিক্ষার প্রসারে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে এবং ক্যাম্পাসে একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে।

