সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ শরীরে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সোমবার রাত ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় সব ধরনের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক আসে। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তাঁর হার্টে কোনো ধরনের ব্লক নেই।
এদিকে তাঁর সুস্থ হয়ে দেশে ফেরার খবরে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

