জবির গেটে ককটেল বিস্ফোরণ, আটক ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে।
আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকা। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।

