মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি অসুস্থ যাত্রী, স্ট্রোকে মৃত্যু অভিযোগ

মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগে শারীরিক অসুস্থতা অনুভব করে পাশে থাকা যাত্রীদের কাছে বসার জন্য জায়গা চেয়েছিলেন তিনি। তবে কেউ তাকে বসার সুযোগ দেননি বলে অভিযোগ করেছেন তার ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি তুলে ধরেন এই এনসিপি নেতা। একই সঙ্গে চলাফেরার সময় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুসুলভ আচরণের আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্য কারও বাবা।
ফেসবুক পোস্টে নাকিবুর রহমান লেখেন, ২৪ অক্টোবর দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে তার বাবা স্ট্রোক করে মারা যান। শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি আশপাশের লোকজনের কাছে বসার সুযোগ চেয়েছিলেন। কিন্তু কেউ তাকে জায়গা ছেড়ে দেননি। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পড়ে যান তিনি।
বাবার মৃত্যুর কথা উল্লেখ করে নাকিবুর লেখেন, আল্লাহ তার বাবার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। তবে সন্তান হিসেবে বিষয়টি মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টকর। এ ঘটনায় কারও প্রতি রাগ বা অভিমান নেই বলেও জানান তিনি।

