বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অর্ধেক শিক্ষার্থীই ফেল

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অর্ধেক শিক্ষার্থীই ফেল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। এ শিক্ষা বোর্ডে পাসের হারে চার জেলার মধ্যে শীর্ষে রয়েছে ময়মনসিংহ, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে জামালপুর।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

তিনি জানান, এবার পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। তবে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন। বাকি ৩৪ হাজার ৩১৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহে পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। শেরপুরে এই হার ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ। চার জেলার মধ্যে জামালপুরে পাসের হার সবচেয়ে কম। ময়মনসিংহের সঙ্গে জামালপুরের পাসের হারের ব্যবধান প্রায় ১৬ শতাংশ পয়েন্ট। এবার এই বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।

পরীক্ষায় অংশ নেওয়া ৩৩ হাজার ৩৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৬৪৭ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে ৩৭ হাজার ৬৩৬ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৭০৭ জন। ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৭ দশমিক ৬৬ শতাংশীয় পয়েন্ট বেশি।

বোর্ডের অধীনে মোট ১১৩টি কেন্দ্রে ৩২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র পাঁচটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বিপরীতে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান জানান, সামগ্রিক ফলাফলের আরও উন্নতির সুযোগ রয়েছে। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উপপরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. আ.খ.ম. কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক। এসময় কলেজ পরিদর্শক অধ্যাপক এস.এম. আরিফুর রহমানসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ১৬ অক্টোবর প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী, বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ। মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৩৯ হাজার ৯৬ জন। জিপিএ-৫ পায় ২ হাজার ৬৮৪ জন। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পাসের হার কমেছিল ১১ দশমিক ৬৮ শতাংশীয় পয়েন্ট। ২০২৪ সালে পাসের হার ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮২৬ জন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...