গোয়াল-রান্নাঘর ও খড়ের গাদায়ও লুকানো ছিল সার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া এলাকায় গুদামের পাশাপাশি বিভিন্ন বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ সার। যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত এক হাজার বস্তার বেশি সার উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৭টি গ্যাস সিলিন্ডারও। উদ্ধার করা সারের সঠিক পরিমাণ জানতে গণনা করছে কৃষি বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে অবস্থিত হুছাইন স্টোরে অভিযান শুরু করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযানের প্রথম পর্যায়ে ওই গুদাম থেকে ৯৪৩ বস্তা সার উদ্ধার করা হয়। পরে নগরবোয়ালিয়া এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আরও সার পাওয়া যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা সারের পরিমাণ এক হাজার বস্তা ছাড়িয়েছে। এর মধ্যে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপিসহ বিভিন্ন ধরনের সার রয়েছে।

