বাঘায় শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে বিএনপি। দলটির স্থানীয় নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে নিজেকে বড় করে তুলে ধরতে শাহরিয়ার আলম নিজের লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগের পক্ষে তাঁরা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি সেখানে আসেন। চারজন বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন।
শামসুল ইসলাম বলেন, ‘তাঁদের আগুন দিতে দেখে আমি জানতে চাই, আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে কী হবে? তখন তাঁরা বলেন, বেশি আগুন নয়, অল্প আগুন ধরাবেন, কোনো ক্ষতি হবে না। পরে লোকজন জড়ো হতে দেখে তাঁরা পালিয়ে যান। তাঁদের হাতে পিস্তল ছিল। সেটা খেলনা পিস্তল কি না জানি না। তবে কোনো গুলি ছোড়েননি।’

