চট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যু

মামলার বাদী মো. হাফিজুর রহমান বলেন, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরের একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। তলপেটে গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তাঁর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের সিটি গেট থেকে জিইসি মোড় পর্যন্ত ১১ নম্বর অটোটেম্পু রুটের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাধারণ চালকদের অভিযোগ, এ রুটে গাড়ি চালাতে হলে ওয়েবিলের নামে দৈনিক ও মাসিক হারে টাকা দিতে হয়।

