এনভিডিয়া প্রধানের আগে চীনে অ্যালিসের একজন বিতর্কিত ব্যবসায়িক অংশীদার ছিল

চীনের আর্থিক খাতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন অ্যালিস হুয়াং। তবে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এর আগে প্রায় এক দশক চীনা অর্থলগ্নিকারী ক্যাং ওয়েইয়ের সঙ্গে ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁদের এই বিতর্কিত ব্যবসায়িক অতীত।
চীনের হুনান প্রদেশের এক গ্রামীণ এলাকায় জন্ম অ্যালিসের। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে গণমাধ্যম বিষয়ে পড়াশোনার জন্য হংকংয়ে যান। তাঁর এক সাবেক সহপাঠীর ভাষায়, অ্যালিস ছিলেন সবার কাছে জনপ্রিয়, সহজ-সরল ও উচ্চাকাঙ্ক্ষী।
পরে এইচএসবিসিতে কাজ করেন তিনি। এরপর যোগ দেন চীনের সিটিক সিকিউরিটিজে। সেখানে ক্রেডিট ট্রেডিং বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ক্যাং ওয়েই প্রতিষ্ঠিত বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালে যোগ দেন অ্যালিস। গেমিং, প্রযুক্তি ও পরবর্তী সময়ে ডেটা সেন্টার খাতে বিনিয়োগ ছিল প্রতিষ্ঠানটির মূল কার্যক্রম।

