চুয়াডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিবসের মূল চেতনা হলো জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং পারস্পরিক সহযোগিতা। সেই চেতনা ধারণ করে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে দেশ ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পেশাগত কাজে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
পুলিশ সুপার আরও বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত মূল্যবান। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি দক্ষ, সুসংগঠিত এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সব সময় আন্তরিক থাকবে বলে তিনি জানান।
কল্যাণ সভা শেষে জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ঐক্যের বন্ধন আরও জোরদার হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ। এছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন), পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন।

