আলমডাঙ্গায় তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে সোয়া ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাট শেষে বাড়ি ফেরার পথে তিন গরু ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাত লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার মুন্সিগঞ্জ-বড়গাংনী সড়কের সোনাতনপুর কাটা বটগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ওই তিন ব্যবসায়ী।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী হাকিম, তাঁর ছেলে সবুজ এবং একই গ্রামের অপর ব্যবসায়ী আমিন মুন্সিগঞ্জ বাজার থেকে কেনাবেচা শেষে বাড়ি ফিরছিলেন। তারা গ্রামেরই বাসিন্দা মোসাদ্দিকের একটি পাখিভ্যান ভাড়া করে রওনা দেন। পথিমধ্যে সোনাতনপুর কাটা বটগাছ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের পথ আটকে দেয়।
কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ব্যবসায়ী হাকিমের সঙ্গে থাকা চার লাখ ২৫ হাজার এবং আমিনের কাছে থাকা তিন লাখ টাকা জোর করে কেড়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। সর্বস্ব হারানো ব্যবসায়ীদের পরিবার এ নিয়ে আলমডাঙ্গা থানায় লিখিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এর আগের দিন শুক্রবার যুগিরহুদা গ্রামের একটি ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি গ্রামে দুই যুবক হামলার শিকার হয়েছিলেন। সেই ঘটনার জের ধরে পরদিন পরিকল্পিতভাবে এই ব্যবসায়ীদের ওপর হামলা ও টাকা ছিনতাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার জোর দাবি তুলেছেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

