বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

মালয়েশিয়ায় প্রেমিকার সঙ্গে ভিডিও কলে চুয়াডাঙ্গার যুবকের আত্মহত্যা, প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

মালয়েশিয়ায় প্রবাসে থাকা অবস্থায় প্রেমিকার সঙ্গে ভিডিও কলে যুক্ত থেকে চুয়াডাঙ্গার এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৫ নভেম্বর প্রবাসেই এ মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। শনিবার সকাল ১০টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মারা যাওয়া যুবকের নাম সাইফুল হোসেন শামীম (২৫)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলীর ছেলে। জীবিকার প্রয়োজনে প্রায় আট বছর ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় থাকাকালে শামীমের সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে নওশীন খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছুটিতে দেশে এসে নওশীনের সঙ্গে দেখা করার পাশাপাশি আংটি বদলও করেছিলেন শামীম। প্রায় পাঁচ বছর ধরে চলা এই সম্পর্কের বিষয়ে দুই পরিবারের অনেকেই অবগত ছিলেন।

সম্পর্কের টানাপোড়েন ও অপমান

সম্প্রতি মেয়েটির পরিবার অন্য পাত্রের সঙ্গে বিয়ের বন্দোবস্ত শুরু করলে দুজনের সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়। আত্মহত্যার ঘটনার প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি শামীমকে জানিয়ে বাবার মন গলানোর অনুরোধ করেন নওশীন। তবে মেয়ের বাবা এই সম্পর্ক মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানান এবং শামীমকে অপমান করেন বলে অভিযোগ উঠেছে। সেই ক্ষোভ, অভিমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ৫ নভেম্বর মালয়েশিয়ায় প্রেমিকা নওশীনের সঙ্গে ভিডিও কলে যুক্ত থাকা অবস্থাতেই আত্মঘাতী হন শামীম।

নিহতের বোন শারমিন খাতুন অভিযোগ তুলে বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়ের বাবা সেনাবাহিনীতে চাকরি করায় ভালো সম্বন্ধ পেয়ে তারা অন্য জায়গায় বিয়ের চেষ্টা চালায়, যা আমার ভাই মেনে নিতে পারেনি। ওই মেয়ে নানা প্রলোভন দেখিয়ে ভাইয়ের কাছ থেকে সোনার আংটি, ব্রেসলেট এমনকি টাকাপয়সাও নিয়েছে। আমার ভাইয়ের বেতন এক লাখ টাকার বেশি হলেও সে বাড়িতে মাত্র ২০ হাজারের মতো পাঠাতো, যা নিয়ে আমাদের সন্দেহ হতো। মূলত ওই মেয়ের প্রতারণা ও তার বাবার অপমান সহ্য করতে না পেরেই আমার ভাই মারা গেছে। আমরা এর সঠিক আইনি ব্যবস্থা নেব।’

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নিহতের ভগ্নিপতি আসাদুজ্জামান বলেন, ‘সাইফুল ইসলাম শামীমের মৃত্যুর পেছনে ওই মেয়েটি সরাসরি দায়ী। দীর্ঘদিন ভালোবাসার অভিনয় করে তার কাছ থেকে টাকা-পয়সা ও গয়নাগাটি আত্মসাৎ করা হয়েছে। এখন মেয়েটি বলছে সে বিয়ে করতে পারবে না এবং তার বাবা আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়েছেন। এ কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এদিকে স্থানীয়রা জানান, কালুপোল গ্রামের মুনসুর আলী ভূটাঙের ছেলে রাজিব হোসেন এই প্রেমের সম্পর্কে মধ্যস্থতা করেছিলেন। নওশীন সম্পর্কে তার মামাতো শালী হওয়ায় রাজিবই মোবাইল নম্বর দিয়ে শামীমের সঙ্গে যোগাযোগের সূত্র তৈরি করে দেন।

এ প্রসঙ্গে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দেয়া কোনোভাবেই কাম্য নয়। বিদেশ থেকে মরদেহ নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...