ভাংবাড়ীয়া মাদরাসার তাফসির মাহফিল সম্পন্ন: ৬ হাফেজকে পাগড়ি প্রদান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া দাখিল মাদরাসার আয়োজনে দুই দিনব্যাপী ৪৭তম ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর মাদরাসা চত্বরে কোরআন ও হাদিসের আলোকে এই সমাপনী মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করা ছয়জন শিক্ষার্থীর মাথায় সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর তাগিদ দেন। একই সঙ্গে কোরআনের নির্দেশনা ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের সর্বস্তরে বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, একটি মানবিক, শান্তিপূর্ণ এবং আদর্শ সমাজ গড়ে তুলতে হলে পবিত্র কোরআন ও হাদিসের পথ অনুসরণের বিকল্প নেই।
সমাপনী মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন থেকে আলোচনা পেশ করেন নওগাঁর মেহেদী হাসান মিজবাহ। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন জিল্লুর রহমান বুলবুলি।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিবুল হক রাজন এবং মাওলানা একরামুল হক।
এ ছাড়া মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল খালেক, কমিটির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ঝন্টু মিয়াসহ মাদরাসার শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে অংশ নেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক সোহেল রানা।

