মেহেরপুরের গাংনীতে চার মামলার আসামি ইউপি সদস্য হাসান আলী গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাসান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে এবং রাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশের একটি দল এলাঙ্গী ক্যাম্প পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে চাঁদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকেই হাসান আলীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক আইনে দুটিসহ মোট চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত হাসান আলীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

