অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বয় জরুরি: চুয়াডাঙ্গায় ডিআইজি রেজাউল করিম
অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ মানুষের মাঝে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও সচেতন মহলের মতামত নেওয়ার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। অনুষ্ঠানে সুধী সমাজের প্রতিনিধিরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে নিজেদের গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন এবং প্রান্তিক পর্যায়ে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ একই সঙ্গে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কড়া তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য একটি জনবান্ধব, পেশাদার ও দায়িত্বশীল পুলিশি ব্যবস্থা গড়ে তোলাই জেলা পুলিশের মূল লক্ষ্য।’ তিনি এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সুধীজন ও সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সুধী সমাজের পক্ষ থেকেও পুলিশের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, ডা. মার্টিন হিরোক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম মালিক লার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা
এর আগে শনিবার দুপুর আড়াইটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি মো. রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পুলিশ সদস্যদের কাজের পরিবেশ, স্বাস্থ্যসেবা, আবাসন এবং দৈনন্দিন পেশাগত বিভিন্ন সমস্যা ও সুবিধার বিষয়গুলো এ সভায় গুরুত্ব পায়।
ডিআইজি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের জীবনমান ও সার্বিক কল্যাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার কথা জানান। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ মানবিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব সেবা দেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতিটি সদস্যের কাজের উদ্দীপনা বাড়াতে এবং তাঁদের কল্যাণে জেলা পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

