আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার, পাঠানো হলো আদালতে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গাংপাড়ার বাবুল আক্তারের ছেলে সোহাগ রানা (২৪) এবং জগন্নাথপুর মসজিদপাড়ার ছয়ফল আলীর ছেলে সুজন আলী (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন তাঁরা। অভিযানে সোহাগ রানার কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও সুজন আলীর কাছ থেকে ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুটি পৃথক সামারি ট্রায়াল প্রসিকিউশন (নম্বর ১৫৮ ও ১৫৯) দায়ের করা হয়েছে। পরে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।

