আলমডাঙ্গার রুইতনপুরে মাদক মামলার আসামি কাজল মিয়া গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাজল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ নভেম্বর রাতে উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে অভিযান চালিয়ে হাপানিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার কাজল মিয়া রুইতনপুর গ্রামের পীর মোহাম্মদের ছেলে। তিনি আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজল মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তিনি প্রকাশ্যেই মাদক কারবার চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১৬ নভেম্বর রাতে রুইতনপুর গ্রামে অভিযান চালায় হাপানিয়া ক্যাম্প পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মাদক মামলায় গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাজল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

