মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভোরে নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়ার একটি কাঁচা রাস্তার ওপর সন্দেহভাজনদের দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রয়েছে। পুরুষ দুজন হলেন—যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. সোহরাব হোসেন দফাদারের ছেলে মো. জাহিদ হাসান (২৯) এবং সাতক্ষীরা সদর থানার শিবপুর গ্রামের মো. সরোয়ার সরদারের ছেলে মো. শরিফুল সরদার (৩৩)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চলাচল রুখতে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি জোরদার রাখা হয়েছে।

