গাংনীতে প্রামাণিক যুব সংঘের প্রস্তাবিত ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন ইউএনও

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়ায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘প্রামাণিক যুব সংঘের’ উদ্যোগে প্রস্তাবিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও ডিজিটাল ল্যাব পরিদর্শন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় মানিকদিয়ায় প্রস্তাবিত ডিজিটাল ল্যাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তিনি প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাবের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং ল্যাব চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এছাড়া সংগঠনের ‘স্বপ্ন ও অঙ্গীকার দেয়াল’-এ নিজেদের শুভকামনা ও ভবিষ্যৎ প্রত্যাশা লিখে রাখেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “প্রত্যন্ত অঞ্চলের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে প্রামাণিক যুব সংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।” তিনি ডিজিটাল ল্যাবটির পূর্ণাঙ্গ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রামাণিক যুব সংঘের সভাপতি মো. মাফতার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথিরা বলেন, প্রত্যন্ত গ্রামে বেকারত্ব দূর করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের এই ঐক্যবদ্ধ প্রয়াস কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিবুল ইসলাম, এমবিকে হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন আহমেদ, মেরিট মডেল স্কুলের পরিচালক মো. সাহাবুল হক, দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সালাহউদ্দীন, নতুন কুঁড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ওয়াসিমসহ স্থানীয় শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজনের শেষ পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থী এবং উপস্থিতদের নিয়ে আয়োজিত তাৎক্ষণিক কুইজ ও ধাঁধা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
২০২১ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে ‘প্রামাণিক যুব সংঘ’ (নিবন্ধন নম্বর: মেহের-৩৮১/২৬)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানিকদিয়া ও আশপাশের অঞ্চলে শিক্ষা বিস্তার, পাঠাগার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

