দর্শনার সাবেক মেয়র হাবু ঢাকায় ও জীবননগরের সাবেক চেয়ারম্যান মিল্টন নিজ বাড়ি থেকে গ্রেফতার

চুয়াডাঙ্গার স্থানীয় রাজনীতির পরিচিত দুই মুখ—দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবু এবং জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাবুল হক মিল্টনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে হাবুকে ঢাকা থেকে ডিবি পুলিশ এবং মিল্টনকে জীবননগরের নিজ গ্রাম থেকে থানা পুলিশ আটক করে।
ভাটারা থেকে ডিবির জালে সাবেক মেয়র হাবু
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম আনোয়ার হোসেন খান।
আতিয়ার রহমান হাবু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান শামসুল ইসলামের ছেলে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি দর্শনা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। দলটিতে তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও দামুড়হুদা উপজেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের বেয়াই।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান মিল্টন গ্রেফতার
অন্যদিকে, বুধবার দিবাগত গভীর রাতে জীবননগর থানা পুলিশ সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ইসাবুল হক মিল্টনকে গ্রেফতার করে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মোল্লার ছেলে এবং সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে মিল্টনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি এলাকায় স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলেও স্বজনদের দাবি।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোলায়মান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিল্টনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

