বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম
আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন, বিভিন্ন স্তরে মেধা ও সাধারণ বৃত্তি লাভ এবং দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা একাডেমি।

গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় একাডেমি চত্বরে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আলমডাঙ্গা একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি এবং দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। এতে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হক। দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীমের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাবাত রেহান মারফি, এসএসসি পরীক্ষার্থী মাহির হাসান এবং ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মুশরাত মুস্তাফা।

সাফল্যের খতিয়ান

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাম্প্রতিক অর্জনের চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জনই জিপিএ-৫ অর্জন করেছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৫ জন ট্যালেন্টপুলে এবং ৩০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯ জন ট্যালেন্টপুল ও ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও একাডেমিটির শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। এবার প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে, ৩ জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ১১ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং ২ জন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনূর আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য শুধু তাদের নিজেদের নয়, বরং প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’ বক্তারা শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ বা পরীক্ষার ফলের পেছনে না ছুটে নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ.হ.ম. শামীমুজ্জামান, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন এবং আলমডাঙ্গা একাডেমির পরিচালক ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল। এ সময় একাডেমির পরিচালনা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...