চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ১১ মামলায় ৮১ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলা শহরে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন কার্যকর করতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিনভর শহরের ব্যস্ততম কয়েকটি পয়েন্টে চালানো এ অভিযানে ১১টি মামলার বিপরীতে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতটি যানবাহন জব্দ করার পাশাপাশি চারটি প্রসিকিউশন দেওয়া হয়েছে। শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় এবং রেলগেট এলাকায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। তাঁর সঙ্গে সার্জেন্ট নবাব, আজহার, তানভীর ও বিধানসহ ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের সঠিক কাগজপত্র যাচাই করতেই মূলত এ অভিযান চালানো হয়েছে। সড়কে যানজট নিরসন ও নিয়ম নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এমন পদক্ষেপ আগামীতেও চলমান থাকবে।

