বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

মাগুরায় বহুল আলোচিত বিএনপি নেতা কাজী মশিয়ার রহমান হত্যা মামলায় শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও সাবেক উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় তাদের মাগুরার শালিখা আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক বর্ণালী রানী জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে বরিশাল নৌ পুলিশে কর্মরত অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মাগুরায় নিয়ে আসে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা কাজী মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলার ছয়ঘরিয়া হাজামবাড়ী এলাকায় নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। সে সময় পুলিশ এ ঘটনাকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেয় এবং নিহত মশিয়ার রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধেই একটি মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ১ অক্টোবর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম আদালতে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে শালিখা থানা মামলাটি এজাহারভুক্ত করে। ওই মামলার সুনির্দিষ্ট আসামি হিসেবেই বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
যশোরের যুবদল নেতা হত্যা মামলাতেও আসামি বিপ্লব
বিপ্লব কুমার নাথের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এটাই প্রথম নয়। ২০১৬ সালের ২ নভেম্বর যশোরের মনিরামপুর উপজেলার উত্তর লাউড়ী গ্রামের যুবদল নেতা আনিছুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ রয়েছে। দীর্ঘ আট বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট আনিছুর রহমানের ভাই মফিজুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি কাজী মাহমুদুল হাসানসহ ৬০ জনের মধ্যে ওসি বিপ্লব কুমার নাথকেও আসামি করা হয়। আদালত মনিরামপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেন।
আলমডাঙ্গায় দায়িত্ব পালন ও অর্থ বাণিজ্যের অভিযোগ
২০২৩ সালের ১ এপ্রিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন বিপ্লব কুমার নাথ। এর আগে তিনি মাগুরার শ্রীপুর ও শালিখা, ঝিনাইদহ সদর, কুষ্টিয়া মডেল, যশোরের মনিরামপুর এবং সাতক্ষীরার কলারোয়া ও আশাশুনি থানায় দায়িত্ব পালন করেন। আলমডাঙ্গায় ওসির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো, আটক করে বাণিজ্য এবং নিয়মিত ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। নাশকতার মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ও অর্থের বিনিময়ে এজাহারের ধারা বদলে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারাও।
অঢেল সম্পদ ও আওয়ামী সংযোগ
বিপ্লব নাথের পারিবারিক প্রতিপত্তি ও রাজনৈতিক যোগাযোগ নিয়ে আগেই খবর প্রকাশ হয়েছে। চুয়াডাঙ্গা ডট নেটের ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানা যায়, তিনি যশোর সদর উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোহিত কুমার নাথের মেয়ে প্রিয়াঙ্কা নাথকে বিয়ে করেন। সেই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বহু বেপরোয়া কর্মকাণ্ড চালান বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়া যশোর শহরের বেজপাড়ায় একটি দোতলা বাড়ি এবং শ্রীধরপুর এলাকায় ছয়তলা ভবনের মালিকানা রয়েছে তার। বেজপাড়ার বাড়িটিতে ভাড়ার বিজ্ঞাপনে বিপ্লবের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ছিল এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা নাথও ওই বাড়ির মালিকানার সত্যতা চুয়াডাঙ্গা ডট নেটের কাছে স্বীকার করেছিলেন।
অভিযোগ রয়েছে, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে বিপ্লব নাথ ও এসআই ইসমাইল বিরোধী দলের বহু নেতাকর্মীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেন। ভুক্তভোগী পরিবারগুলো এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার ও অবৈধভাবে অর্জিত সম্পদের সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে।

