গাংনীর চরগোয়ালের সেই আতিয়ার ডিবি পুলিশের হাতে আটক

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আলোচিত আতিয়ারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আতিয়ার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি এবং রাজনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরক তৈরির অভিযোগে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আতিয়ারের বাড়িতে যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করে। ওই তল্লাশিতে তার বাড়ি থেকে একটি ৭ দশমিক ৬৫ এমএম চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে জানিয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আতিয়ারকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

