বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাঠে একাই লড়বে বিএনপি

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম
মাঠে একাই লড়বে বিএনপি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় জরুরি। কারণ, দলগুলোর পারস্পরিক বিরোধ ও মতপার্থক্যের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার একটি সুযোগ তৈরি করেছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, বিভাজন ও পারস্পরিক বিতর্কের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে।’

নানা প্রশ্ন, বিতর্ক ও মতপার্থক্য থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভোটাধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সাইফুল হক।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটাই তাঁরা দেখতে চান। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চাইলে তাঁরা আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে বিবেচনা করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, বিভাজন ও পারস্পরিক বিতর্কের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গতকাল আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। বিরোধী দলের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে জামায়াত প্রস্তুত রয়েছে।

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও বলছেন, আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা মোকাবিলা করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি মনে করে এককভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের যেমন ঐক্য প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি ও প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করা। এসব বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...