যেখানে মধ্যরাতেও সূর্য হাসে

স্থানীয়দের কাছে বিষয়টি কতটা আনন্দের
সোমারয়ের একজন হোটেলকর্মী জানান, গ্রীষ্মকালে তাঁদের জীবন এমনিতেই কিছুটা সময়ের বাইরে চলে যায়। দোকানে ক্রেতা না থাকলে মালিক মাছ ধরতে চলে যেতে পারেন। পরদিন স্কুল বন্ধ থাকলে শিশুরা রাত জেগে খেলতে পারে। অনেকে ছুটিতে থাকেন বলে জীবনযাপনেও আসে স্বাভাবিক শিথিলতা।
তবে ২০১৯ সালের প্রচারণার কারণে প্রথম দিকে স্থানীয়দের বিরক্তিও কম ছিল না। পর্যটকেরা দ্বীপে এসে অন্য সবকিছু বাদ দিয়ে শুধু সময়হীনতার গল্প জানতে চাইতেন। অথচ তাঁদের দৈনন্দিন জীবনে স্কুল, দোকান, হোটেল ও কাজের নির্দিষ্ট সময়ের প্রয়োজন ঠিকই রয়েছে।
ঘড়ির সময়ের চেয়ে প্রকৃতির সময় বড়
সোমারয়ের গল্প শুধু একটি অদ্ভুত পর্যটনকেন্দ্রের গল্প নয়, এটি মানুষের সময়বোধ নিয়েও নতুন করে ভাবতে শেখায়।
আমাদের দৈনন্দিন জীবনে সময় মানে নির্দিষ্ট সময়সীমা, কাজের চাপ, সময়মতো পৌঁছানোর তাড়া। কিন্তু সোমারয়ের মতো জায়গায় প্রকৃতির আলো-অন্ধকারের পরিবর্তন মানুষের প্রচলিত সময়বোধকে চ্যালেঞ্জ করে।
তবে দ্বীপটির বাসিন্দারা যে সত্যিই ঘড়ি ব্যবহার করেন না, বিষয়টি এমন নয়। তাঁদের স্কুল চলে, দোকান খোলে, হোটেলে অতিথিদের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। মাছ ধরার কাজেও প্রয়োজন অনুযায়ী সময় মেনে চলতে হয়। পার্থক্য হলো, গ্রীষ্মের দীর্ঘদিনের আলো তাঁদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বাড়তি স্বাধীনতা দেয়।
পর্যটকদের জন্য সোমারয়
কোথায়: ট্রমসো শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার পশ্চিমে, উত্তর নরওয়ে
জনসংখ্যা: প্রায় ৩০০ জন
গ্রীষ্মের আকর্ষণ: মিডনাইট সান, সাদা বালুর সৈকত, সমুদ্রভ্রমণ, সাঁতার ও মাছ ধরা
শীতের আকর্ষণ:নর্দান লাইটস, বরফে ঢাকা পাহাড় ও নির্জন প্রকৃতি
বিশেষ অভিজ্ঞতা: মধ্যরাতেও সূর্যের আলোয় সমুদ্রতীরে হাঁটা
তথ্যসূত্র: অ্যান্টনি হ্যাম, ‘ইট ওয়াজ আ ফান আইডিয়া: নরওয়ের যে দ্বীপ সময়কে বিলুপ্ত করতে চেয়েছিল’, বিবিসি ট্রাভেল, ২৩ অক্টোবর ২০২৬

