বারবাজার রেল স্টেশনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, অক্ষত কর্মচারীরা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশন লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশনে অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার প্রত্যক্ষ বিবরণ দিয়ে বারবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত তিনটার দিকে হঠাৎ দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে কাঠের দরজায় মুহূর্তেই আগুন ধরে যায়। তবে সে সময় কক্ষের ভেতরে লোকজনের উপস্থিতি ছিল। তারা কালবিলম্ব না করে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
স্টেশন মাস্টার আরও জানান, হামলার সময় অফিস কক্ষটির দরজা ভেতর থেকেই আটকানো ছিল। ফলে ভেতরে থাকা কর্মীরা নিরাপদে ছিলেন এবং আসবাবপত্রসহ কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি।
এ প্রসঙ্গে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতের আঁধারে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা ককটেল সদৃশ তিনটি বস্তু ছুড়ে পালিয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

